লক্ষ্মীপুরের কমলনগরে ইসতিসকার নামাজ, মোনাজাতের মধ্যেই বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন বিপুলসংখ্যক মুসল্লি। নামাজ শেষে মোনাজাত চলাকালে বৃষ্টি শুরু হয়।

বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৬টার দিকে উপজেলার চর লরেন্স বাজারের তাহেরিয়া ঈদগাহ ময়দানে উপজেলা ইমাম সমিতির উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়।

হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুকি নামাজে ইমামতি করেন।

এ সময় জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পীসহ বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী বলেন, হযরত মোহাম্মদ (সা.)-এর সুন্নাত মোতাবেক মুসল্লিদের সঙ্গে ইসতিসকার নামাজ আদায় করেছি। নামাজ শেষে মোনাজাতের মধ্যেই রহমতের বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ আমাদের নামাজকে কবুল করুন।

নামাজের ইমাম জায়েদ হোসেন ফারুকি বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রিয় নবী (সা.)-এর সুন্নাত মোতাবেক ইসতিসকার নামাজ আদায় করেছি। আল্লাহ আমাদের জন্য রহমতের বৃষ্টি দিয়েছেন।

বৃহস্পতিবার ভোর থেকে লক্ষ্মীপুর জেলা শহরসহ বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হলেও ভাপসা গরম রয়েছে।