
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে বিচারকাজ দ্রুত নিষ্পত্তি ও সুষ্ঠু ফৌজদারি বিচার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বরিশাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ।
সভায় বিচারাধীন মামলার আসামিদের সময়মতো আদালতে হাজিরা নিশ্চিত করা, পেন্ডিং প্রসেস জারি, সাক্ষীদের নিরাপত্তা ও আদালতে তাদের উপস্থিতি নিশ্চিতকরণসহ ফৌজদারি বিচার প্রক্রিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মামলার আলামত সংরক্ষণ ও সময়মতো আদালতে হাজির করা, মেডিকেল সার্টিফিকেট যথাসময়ে পাঠানো এবং বিচারক ও আদালত অঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
কনফারেন্সে মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। সভায় আদালত চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে আন্তঃবিভাগীয় সমন্বয় বৃদ্ধির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী, পিবিআই পুলিশ সুপার মো. মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, র্যাব-৮-এর সদর কোম্পানির লে. কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি, সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং প্রশাসন ও বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (বিদ্যুৎ আদালত) এস এম মাহফুজ আলম, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়া সভায় বরিশাল জেলার ১০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সিজেএম আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
