
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সোনাপুর মূল সড়কে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের দুই পাশে ভারী যান চলাচল নিষিদ্ধসংক্রান্ত সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
গত ২৫ মার্চ দৈনিক খোলা কাগজে ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই সেতুর দুই পাশে সতর্কতা চিহ্ন বসানো হয়।
লক্ষ্মীপুর সওজ সড়ক ও জনপদ উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, “খোলা কাগজের প্রতিবেদন থেকে বিষয়টি জানতে পেরে আমরা দ্রুত সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করেছি। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমবে।”
তিনি আরও জানান, ব্রিজ পুনর্নির্মাণ প্রকল্পের সব কাজ সম্পন্ন হয়েছে, এখন শুধু অনুমোদনের অপেক্ষা। “এক মাসের মধ্যে অনুমোদন পেলে দুই মাসের মধ্যেই কাজ শুরু করা সম্ভব হবে,” যোগ করেন তিনি।
স্থানীয়রা জানান, বিকল্প সড়ক না থাকায় রামগতি উপজেলা থেকে নোয়াখালী যাতায়াতের প্রধান পথ হিসেবে নবিউল মিয়া বেইলি ব্রিজটি ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন ৮-৯ টন ওজনের ভারী ট্রাক চলাচল করছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এতদিন কোনো ধরনের সতর্কতামূলক চিহ্ন না থাকায় ঝুঁকি আরও বেড়েছিল। তারা বলছেন, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত।
ভুক্তভোগীরা দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে বলেন, অস্থায়ী কাঠামোর ওপর ভারী যান চলাচল বন্ধ না হলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
