
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের ১০০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসক ও জনবল নিয়োগসহ পাঁচ দফা দাবিতে দোয়া মাহফিল ও জিলাপি বিতরণের আয়োজন করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজনে বক্তারা বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা এখন মারাত্মক সংকটে পড়েছে। অনেক বিভাগে চিকিৎসক না থাকায় রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে। তাঁরা হাসপাতালটিকে দালালমুক্ত করার দাবি জানান এবং দ্রুত শূন্যপদে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
স্বেচ্ছাসেবীদের অভিযোগ, হাসপাতালের সার্জারি, নাক-কান-গলা, চক্ষু ও ত্বক বিভাগসহ পাঁচটি বিভাগে কোনো চিকিৎসক নেই। এ ছাড়া চিকিৎসক ও অন্যান্য পদ মিলে মোট ৫৯টি পদ শূন্য।
তাঁরা আরও জানান, হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়লেও তা মেরামত বা নতুন যন্ত্র কেনার কোনো উদ্যোগ নেই। ফলে রোগীদের বাধ্য হয়ে বাইরের ক্লিনিকে পরীক্ষা করাতে হচ্ছে, যা তাদের বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।
স্বেচ্ছাসেবীরা বলেন, “এই হাসপাতাল লক্ষ্মীপুর জেলার মূল চিকিৎসাকেন্দ্র। এখানে পর্যাপ্ত চিকিৎসক ও যন্ত্রপাতি না থাকলে সাধারণ মানুষ কোথায় যাবে? সরকার দ্রুত ব্যবস্থা না নিলে সেবার মান আরও খারাপ হবে।”
