লক্ষ্মীপুর সদরে ৫ সেতু/কালভার্টের কাজ শুরু না করায় ঠিকাদারকে তাগিদ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলায় কার্যাদেশ পাওয়ার এক মাস পার হলেও ৫টি সেতু/কালভার্টের নির্মাণকাজ শুরু না করায় এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদপত্র দিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলায় টেন্ডার আইডি নং- ১১৫৫৩১৯ এর অনুকূলে মেসার্স মাহতাব অ্যান্ড সন্সকে ৫টি সেতু/কালভার্ট নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে স্মারক জারি করা হয় এবং কার্যাদেশ অনুযায়ী ১৯ নভেম্বর থেকে কাজ শুরুর কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো সেতু বা কালভার্টের নির্মাণকাজ শুরু হয়নি বলে জানিয়েছে কার্যালয়। এ বিষয়ে ২১ ডিসেম্বর একটি তাগিদপত্র জারি করা হয়েছে।

তাগিদপত্রে উল্লেখ করা হয়, কার্যাদেশের শর্তাবলির অনুচ্ছেদ (ঠ) ও (ঢ) অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শুরু না করা শর্ত লঙ্ঘনের শামিল। একই সঙ্গে সরকারি ক্রয়বিধি পিপিআর-২০০৮ এবং টেন্ডার ডকুমেন্ট/বাস্তবায়ন নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে বলেও জানানো হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে, অর্থাৎ আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ৫টি সেতু/কালভার্টের নির্মাণকাজ ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তার উপস্থিতিতে কাজ শুরু করার কথাও তাগিদপত্রে উল্লেখ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামীণ সড়কে ছোট ছোট খাল ও জলাবদ্ধ স্থানে সেতু/কালভার্ট না থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত কাজ শুরু হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে তারা আশা করছেন।

এ বিষয়ে মেসার্স মাহতাব অ্যান্ড সন্সের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।