লক্ষ্মীপুর জেলায় আগুনে পুড়লো ৪ দোকান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি মার্কেটের ৪টি দোকানের মালামাল পুড়ে যায়। এর মধ্যে ২টি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। অন্য দোকানগুলোতে তেমন কোনা ক্ষতি হয়নি। 

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকায় পৌর হকার্স মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভগবতির ভান্ডার নামে একটি দোকানের চালা দিয়ে ধোঁয়া উড়ছিল। পরে সেখানে আগুন ধরে অন্য দোকানগুলোতেও আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগুনে ২টি মুদি দোকান, ১টি মিষ্টির দোকান ও ১টি লাইব্রেরি ক্ষতিগ্রস্ত হয়।

তবে মুদি দোকানেই সবচেয়ে বেশি ক্ষতি হয়। 

ভগবতি ভান্ডারের স্বত্ত্বাধিকারী গোপী সাহা ও তাঁর ছেলে সজিব সাহা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে তাঁরা দোকান বন্ধ করে বাড়িতে যান। প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে আসেন। দোকানের সামনে এসে দেখেন চালা দিয়ে কালো ধোঁয়া উড়ছে।

দোকানটি ওপরে মাচা ছিল। সেখানে থাকা সবগুলো মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মতো তাঁদের ক্ষতি হয়। ফিরোজ ষ্টোরের প্রায় ১০ লাখ টাকার মতোই ক্ষতি হয় বলে জানা গেছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক রঞ্জিত কুমার সাহা বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৩টি ইউনিট কাজ করেছে।

প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।