রায়পুরে উন্নয়নের সিংহভাগ বিএনপির আমলে আমি করেছি: আবুল খায়ের ভূঁইয়া 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

মো. ওমর ফারুক, জেলা প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, “রায়পুরে যে উন্নয়ন, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যায় উন্নয়ন, বাসস্ট্যান্ডের উন্নয়ন এবং বিভিন্ন স্কুল-কলেজের উন্নয়ন—এটি বিগত সময়ে বিএনপি সরকারের আমলে আমি নিজে করেছি। এরপর দীর্ঘ সময় ধরে রায়পুরবাসী উন্নয়নবঞ্চিত। আগামী নির্বাচনেই জনগণ বিএনপির নেতৃত্বে সঠিক পরিবর্তন আনবে।”

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ৫নং ওয়ার্ড বিএনপির মধুপুর নুরানি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাল হোসেন, এবং সঞ্চালনা করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্যা রুবেল।

আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, “দেশের উন্নয়নের সিংহভাগই বিএনপি আমলে হয়েছে, বিশেষ করে রায়পুরের উন্নয়ন আমাদেরই অবদান। সেই সময়ে বিএনপির নেতৃত্বে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, যার সুফল এখনো জনগণ পাচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে বিগত কিছু বছর ধরে রায়পুরে উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তাই এবার আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার রক্ষার জন্য লড়াই করতে হবে।”

এছাড়া, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং নিজেদের বক্তব্যে একে অপরকে সমর্থন প্রদান করেন। যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন নিউ মার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাবেক সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, মহিলা দলের সভাপতি নাছিমা সানোয়ার, উপজেলা যুবদলের আহ্বায়ক আরমান হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন মিয়াজি এবং বিভিন্ন স্তরের বিএনপির নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ রায়পুরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপির মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়াকে বিজয়ী করার আহ্বান জানান এবং জনগণের প্রতি রাজনৈতিক সচেতনতা তৈরি করার জন্য সকলকে তৎপর হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।