লক্ষ্মীপুরে সাম্রাজ্যবাদবিরোধী জোটের সমাবেশ, ইরান হামলা বন্ধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নাজমুল হোসেন : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ বাতিল এবং ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে পথসমাবেশ করেছে সাম্রাজ্যবাদী ও যুদ্ধবিরোধী জোট।

সোমবার বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট মিলন মন্ডল, যিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর নেতা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ একটি অসম ও একতরফা চুক্তি, যা দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী।

বক্তারা দাবি করেন, এই চুক্তির বিভিন্ন ধারায় বাংলাদেশের ওপর শুল্ক ও শুল্ক-বহির্ভূত বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, যা দেশের অর্থনীতি, কৃষি ও শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে কর্মসংস্থান সংকুচিত হওয়ার পাশাপাশি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বও ঝুঁকির মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

সমাবেশে নেতারা আরও বলেন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন ক্রমেই বেড়ে চলেছে। তারা ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং তা অবিলম্বে বন্ধের দাবি করেন। একই সঙ্গে ফিলিস্তিনে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোরও প্রতিবাদ জানান বক্তারা।

সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে।