
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মৎস্য অফিসের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিকের নাম তারেক মাহমুদ। তিনি দৈনিক নয়া দিগন্ত-এর মাল্টিমিডিয়া রিপোর্টার, স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমস-এর স্টাফ রিপোর্টার এবং যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক তারেক মাহমুদ প্রথম আলোকে বলেন, লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় এক ব্যক্তি তার গতিরোধ করে গালাগাল শুরু করেন। কিছুক্ষণের মধ্যে দুইটি রিকশাযোগে আরও কয়েকজন সেখানে এসে তাকে ঘিরে ধরে মারধর করেন। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন এবং চোখে আঘাত করার চেষ্টা করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে ওই সাংবাদিকের ওপর হামলা চালান। তবে হামলার কারণ সম্পর্কে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
এ ঘটনায় লক্ষ্মীপুরের সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
