বাগেরহাটে নিরাপদ খাদ্য উৎপাদনে উত্তম কৃষি পদ্ধতি নিয়ে ব্র্যাকের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট : উত্তম কৃষি পদ্ধতি (Good Agricultural Practices—GAP) অনুসরণ করে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ে বাগেরহাটে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে পরিবেশক ও খুচরা বিক্রেতাদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্র্যাক বাগেরহাট রিজিওনাল অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় আমন মৌসুমের উপযোগী ধানের জাত নির্বাচন, গুড এগ্রিকালচার প্র্যাকটিস (GAP)-এর মূল দিকসমূহ এবং মাঠপর্যায়ে এর কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপর এর ইতিবাচক প্রভাব এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার নানা দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা আমন ধান, সবজি ও অন্যান্য ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক মো. মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান এবং কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ। এছাড়া ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর, রিজিওনাল ম্যানেজারসহ বাগেরহাট জেলার প্রায় ৬৫ জন পরিবেশক ও খুচরা বিক্রেতা এতে অংশ নেন।

আয়োজকরা জানান, GAP অনুসরণ ও বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির স্বাস্থ্য রক্ষা, ফসলের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।