লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি দক্ষতায় গুরুত্বারোপ

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান মেলা, দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও আলোচনা সভার উদ্বোধন করা হয়েছে। তিন দিনব্যাপী এই আয়োজন মঙ্গলবার শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক ড. মো. মোজাহারুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান শিক্ষার প্রসার, প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন এবং তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সেমিনার শেষে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবেন। পাশাপাশি অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।