
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক), লক্ষ্মীপুর।
রবিবার সকালে জেলা প্রশাস অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী, নারী নেত্রী ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী অধিকার, লিঙ্গসমতা এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসীমউদ্দিনসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ বাড়ানোর মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে Transparency International Bangladesh (টিআইবি)–এর বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে বলে তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারীর অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকেরা।
