লক্ষ্মীপুরে আইনজীবীদের মধ্যে হট্টগোল বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় বৈষম্যবিরোধী আন্দোলন সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে। বৈষম্যবিরোধী আন্দোলন সমর্থিত আইনজীবীদের কর্মসূচি প্রতিপক্ষের বাধায় ব্যর্থ হয়ে গেছে। এতে আওয়ামীপন্থি ও আন্দোলন সমর্থনকারী আইনজীবীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টার পর পর-ই জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এমন অপ্রীতী ঘটনা ঘটে।

জানা যায় যে, সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা দেয়। আদালত চত্বর, ক্যাম্পাস ও রাজপথে এ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। এর জের ধরে লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। তবে পুলিশ সতর্ক অবস্থানে থাকার কারণে কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি শিক্ষার্থীরা। 

লক্ষ্মীপুর জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আইনজীবী নুর মোহাম্মদের নেতৃত্বে কয়েকজন আইনজীবী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে হাতে লেখা ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়ান। এতে কয়েকজন শিক্ষার্থী অংশ নিলে পুলিশ তাদেরকে সরে যেতে বলে। 

পরবর্তীতে আওয়ামীপন্থি আইনজীবীদের বাধায় উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আইনজীবীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন, লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদারের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে পুলিশ অবস্থান নেয়। 

অন্য দিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে লক্ষ্মীপুর জেলা শহরের মাদাম ব্রিজ ও ঝুমুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুইজন আইনজীবী বলেন, কয়েকজন আইনজীবী কোটা আন্দোলনকারীদের ঘোষিত কর্মসূচি পালনে ফেস্টুন হাতে দাঁড়িয়েছেন। এর মধ্যে তারা শিক্ষার্থীদেরকেও নিয়ে এসেছেন। এজন্য তাদেরকে বাধা দেওয়া হয়েছে। শুধু আইনজীবীরা কর্মসূচিতে দাঁড়ালে বাধা দেওয়া হত না।

লক্ষ্মীপুর জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আইনজীবী নুর মোহাম্মদ বলেন, আওয়ামীপন্থি আইনজীবীদের বাধায় আমাদের কর্মসূচি ব্যর্থ হয়ে গেছে।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বিপ্লব বলেন, অভিযোগটি মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আইনজীবীরা কে কোন দলের তা জানা নেই। তবে আদালত প্রাঙ্গণে এমন কিছুই হয়নাই। এখানে আমরা ছিলাম, তবে আমরা কিছু হতে দেখিনি।