লক্ষ্মীপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার স্থাপন শুরু করেছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ ঘন্টা আগে

নাজমুল হোসেন : শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ পানি পানের সুযোগ নিশ্চিত করতে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রদল।

বুধবার (২২ জুলাই) লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফিল্টার স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে লক্ষ্মীপুরের অধিকাংশ বিদ্যালয় ও কলেজে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ স্মৃতি একাডেমি, পৌর জনকল্যাণ একাডেমি, লক্ষ্মীপুর সরকারি কলেজ, দত্তপাড়া ডিগ্রি কলেজ ও জনতা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্যসচিব হাসিবুর রহমান অভি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভ, ফয়েজ আহাম্মেদ, রাকিব হোসেন ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাসিব গাজীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিদ্যালয়ে ফিল্টার স্থাপনের পর উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকায় তাঁদের অনেক উপকার হবে। বিশেষ করে গরমের সময় নিরাপদ পানি পান করা সহজ হবে এবং এই উদ্যোগ তাঁদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা ছাত্রদলকে ধন্যবাদ জানান।

শিক্ষকেরা বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার স্থাপনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে শিক্ষার্থীরা নিরাপদ পানি পান করতে পারবে এবং পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও অনেকাংশে কমে যাবে।’

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি বলেন, ‘শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হবে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’