
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মোল্লারহাট বাজার এলাকায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার পরিচালিত এ অভিযানে একটি দোকান থেকে প্রায় ৪৮০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে আমিনুল নামের এক ব্যক্তির দোকানে তল্লাশি চালিয়ে জ্বালানি তেল (ডিজেল) মজুদ ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায় বলে জানায় প্রশাসন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জব্দ করা ডিজেল ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এবং রেড ক্রিসেন্ট রায়পুর ইউনিটের সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যাতে বাজারে জ্বালানি তেলের সঠিক দাম ও সরবরাহ নিশ্চিত করা যায়।
