
নোয়াখালীর কবিরহাট–মাইজদী সড়কের বান্দত্ত বাজার এলাকায় একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়েছে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুজন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কবিরহাট–সদর উপজেলার বান্দত্ত বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাট হয়ে মাইজদীর দিকে যাচ্ছিল একটি তেলবাহী পিকআপ (ট্যাংকলরি)। বান্দত্ত বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের পাশের একটি দোকানে সজোরে ঢুকে পড়ে।
দোকানের ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় আশপাশে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের আশঙ্কা, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারায়, চালক মদ্যপ ছিলেন কি না অথবা যান্ত্রিক ত্রুটি ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
