
তেল পাম্পে রেজিস্টার অনিয়ম ও সড়ক পরিবহন আইনে মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুর সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মে মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার সদর উপজেলার দক্ষিণ তেমুহনী ও ঝুমুড় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
অভিযানকালে দক্ষিণ তেমুহনী স্টেশনে অবস্থিত মেসার্স জনতা ফিলিং স্টেশনে তেলের মজুদ ও ক্রয়-বিক্রয় রেজিস্টার যাচাই করা হয়। এ সময় ক্রয় রেজিস্টার হালনাগাদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ ছাড়া ঝুমুড় মোড় ও দক্ষিণ তেমুহনী এলাকায় যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় মোট ৪টি মামলার মাধ্যমে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে পৃথক দুটি আইনের আওতায় মোট ৫টি মামলায় সর্বমোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
ম্যাজিস্ট্রেটরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
