
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রবিন শীষ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রবিন শীষ।
এ মেলায় উপস্থিত ছিলেন – সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, একাডেমিক সুপার ভাইজার শামছুল আলম, সমবায় অফিসার আনোয়ার হোসেন, সমাজ সেবা অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল ভূঁইয়া, উপজেলা আইসিটি অফিসার জয়দীশ রায়, উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মো. মাহফুজ খান ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ভূমি মেলা ২০২৫-এর মূল উদ্দেশ্য ছিল জনগণের মধ্যে ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, সেবা সহজলভ্য করা এবং সরকারের ভূমি সেবা সংক্রান্ত তথ্য সরবরাহ করা। মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের স্টল স্থাপন করা হয়েছে, যেখানে নাগরিকরা ভূমি সংক্রান্ত সেবা ও পরামর্শ নিতে পারছেন।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন জমির রেকর্ড, খতিয়ান, নামজারি, জমি সংক্রান্ত আইনগত পরামর্শ ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। এছাড়া, স্থানীয় জনগণের জন্য ভূমি সংক্রান্ত বিভিন্ন বই ও পুস্তিকা বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রবিন শীষ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “ভূমি মেলা ২০২৫ আমাদের ভূমি সেবা ব্যবস্থাকে আরও জনমুখী ও সহজলভ্য করতে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, “এ ধরনের উদ্যোগ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং ভূমি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানে সহায়ক হবে।”
