
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ বাজারে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ছয় ভরি স্বর্ণ ও ১০০ ভরি রুপা লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দেওয়ায় বাজারের এক নৈশপ্রহরীকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে পাশের চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) দিবাগত রাত ৩টার দিকে রামগঞ্জ পৌর শহরের পাটবাজার এলাকার ‘নিউ আপন শিল্পালয়’ নামের স্বর্ণের দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। শনিবার সকালে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পাশ থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়।
নিহত ফরিদ হোসেন (৪৪) রামগঞ্জ পৌরসভার মিজিবাড়ি এলাকার শাহজাহানের ছেলে। তিনি রামগঞ্জ বাজারের নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারের বিভিন্ন স্থাপনায় থাকা সিসিটিভি ফুটেজে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে একদল ব্যক্তি আসতে দেখা গেছে। পরে তারা পাটবাজার এলাকার রুপম শীলের ‘নিউ আপন শিল্পালয়’ দোকানে ঢুকে ডাকাতি করে।
ডাকাতরা দোকান থেকে স্বর্ণ ও রুপাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় নৈশপ্রহরী ফরিদ হোসেন বিষয়টি দেখে ফেলেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাঁকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে চাঁদপুরের হাজীগঞ্জ এলাকায় সড়কের পাশে ফেলে রেখে যায় বলে অভিযোগ রয়েছে।
দোকানের মালিক রুপম শীল বলেন, ‘বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। শুক্রবার সাপ্তাহিক বন্ধ ছিল। শনিবার সকালে দোকান খুলতে এসে দেখি শাটারের তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখি স্বর্ণ রাখার ২৫০ কেজি ওজনের লোহার সিন্দুক নেই। এলাকার মানুষের বন্ধক রাখা ছয় ভরি স্বর্ণ ও ১০০ ভরি রুপা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। প্রায় ২০ লাখ টাকার মালামাল খোয়া গেছে।’
চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক মো. সবুজ বলেন, ‘শনিবার সকালে হাজীগঞ্জ এলাকায় সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি রামগঞ্জ বাজারের নৈশপ্রহরী ফরিদ হোসেন। এ বিষয়ে রামগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে। হাজীগঞ্জ এলাকা থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ডাকাতি ও হত্যার ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
