
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে চিংড়ির রেণুপোনা শিকার করতে গিয়ে মো. স্বপন (২২) নামে এক তরুণ জেলে নিখোঁজ হয়েছেন। জালের রশিতে পা পেঁচিয়ে নদীতে তলিয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ মিলছে না। এতে তাঁর নববধূ ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার নবীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ স্বপন উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলি কাশেমের বাড়ির বাসিন্দা মো. বাবুলের ছেলে। মাত্র দুই সপ্তাহ আগে তাঁর বিয়ে হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মই জাল নিয়ে চিংড়ির রেণুপোনা আহরণে নদীতে যান স্বপন। জাল ফেলার পর সাঁতরে সেটি টানার সময় অসাবধানতাবশত তাঁর পায়ে জালের রশি পেঁচিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তিনি গভীর পানিতে তলিয়ে যান। কাছে থাকা অন্য জেলেরা তাৎক্ষণিক তাঁকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন।
খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাতটা) তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় জেলেরা নৌকা নিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছেন।
নদীপাড়ে নিখোঁজ স্বপনের বাবা বাবুল মিয়াসহ স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একমাত্র ছেলেকে হারানোর আশঙ্কায় তিনি বারবার মূর্ছা যাচ্ছেন। নববধূও স্বামীর অপেক্ষায় প্রহর গুনছেন।
স্বপনের সহপাঠী রাসেল, সোহেল ও মানছুর বলেন, কয়েক দিন আগে বিয়ে করা এক তরুণের এমন নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে নদীপাড়ে ভিড় করছেন শত শত মানুষ।
কমলনগর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিয়াজুল আমিন বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে চাঁদপুর থেকে ডুবুরিদের একটি দল রওনা হয়েছে। তারা পৌঁছালে অভিযান আরও জোরদার করা হবে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি জানা গেছে। উদ্ধার তৎপরতায় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সমন্বিতভাবে কাজ করছে।
