
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, জামায়াত দেশ চালানোর নামে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করবে না।
তিনি বলেন, বাংলার মানুষ আর বিদেশি নীতির ‘ইনসাফ’ দেখতে চায় না।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি রেজাউল করিম এসব মন্তব্য করেন।
এ সময় তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী মো. ইব্রাহিমের হাতে প্রতীক তুলে দেন।
চরমোনাই পীর রেজাউল করিম বলেন, “প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? আবার সেই নিয়মে নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হবে?”
তিনি আরও বলেন, “জামায়াত স্পষ্টভাবে ঘোষণা করেছে তারা ইসলামী শরীয়াহ আইনে দেশ পরিচালনা করবে না। ক্ষমতায় গেলে তারা প্রলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। তাদের নীতি ও আদর্শে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়ে গেছে, মানুষ রাস্তায় নামার পর গুম বা খুন হয়ে গেছে।”
তিনি উল্লেখ করেন, জামায়াতের খ্রিস্টান প্রার্থী কৃষ্ণনন্দী নিজেই জানিয়েছে, “জামায়াত কোনো ইসলামী দল নয়।” রেজাউল করিম বলেন, এই প্রেক্ষাপটে জামায়াতের ক্ষমতায় যাওয়ার চেষ্টা দেশের জন্য হুমকি স্বরূপ।
জনসভায় বক্তৃতা রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ ও ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার নেতা-কর্মী ও সমর্থকরা।
