মাদক মুক্ত সমাজ গঠনের নতুন অঙ্গীকার আমাদের লক্ষ্য : এ্যানি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদক মুক্ত একটি সমাজ গঠন করা আমাদের নতুন অঙ্গীকার এবং নতুন চ্যালেঞ্জ। 

তিনি বলেন, “বিগত ১৭ বছরে মাদকের যে এজেন্ট ছিল, এখনো সে এজেন্টগুলো উঠে যায়নি। কেউ না কেউ দূর থেকে এটি চালাইতেছে। কিছু প্রভাবশালী ব্যক্তি এই অপকর্মগুলো করছেন। সমাজের জন্য এটি একটি ব্যাধি।”

শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ্যানি আরও বলেন, “এ চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে সরকারের নির্বাচিত প্রতিনিধি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজ, পরিবার ও নিজের গ্রামের জন্য সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিবেন আপনারা। মা-বোন-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা একত্রিত করেছি। আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক হতে হবে এবং প্রতিবাদী হতে হবে। বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।