
নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে পাঁচ দফা গণদাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ১. জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোটের আয়োজন, ২. জাতীয় সংসদে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু, ৩. সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি, ৪. দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বচ্ছ বিচার নিশ্চিত করা, ৫. আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা।
জেলা আমির তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, ‘জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে এই পাঁচ দফা বাস্তবায়ন জরুরি। জনগণের অংশগ্রহণই প্রমাণ করে, তারা পরিবর্তন ও সুষ্ঠু নির্বাচন চায়।’
স্মারকলিপি প্রদানকালে জেলা জামায়াত এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
