মহানবী (স.) কে অবমাননার প্রতিবাদে দাসেরহাট বাজারে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দাসেরহাট বাজারে নবী করিম (সা.)-কে অবমাননার অভিযোগে মঙ্গলবার বিকেলে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উৎস মজুমদার নামের এক ব্যক্তি নবী করিম (সা.) কে অবমান করাকে  কেন্দ্র করে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

আসরের নামাজ শেষে দাসেরহাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। 

পরে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘নবী অবমাননা বন্ধ করো’, ‘দোষীদের শাস্তি চাই’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

এতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

উপস্থিত ছিলেন দাসেরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা নাজমুল ইসলাম শামীম, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি খুসরুল আলম মাহমুদ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আবু বকর ছিদ্দিক এবং ব্যবসায়ী নিজাম উদ্দিন প্রমুখ।

বক্তারা বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।