পূর্বধলায় এমপি মাছুম মোস্তাফার গাড়িতে হামলা, অবরুদ্ধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও তাঁকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, সন্ধ্যায় এমপি মাছুম মোস্তাফা জ্বালানি নিতে ওই ফিলিং স্টেশনে যান। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তাঁকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে তাঁরা এমপিকে উদ্ধার করেন। ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এমপি মাছুম মোস্তাফা অভিযোগ করেন, বিএনপির কয়েকজন কর্মী অতর্কিত হামলা চালিয়ে প্রথমে তাঁর গাড়ি ভাঙচুর করেন এবং পরে তাঁর ওপর আক্রমণের চেষ্টা করেন। তিনি বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পর তাঁকে উদ্ধার করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার। তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত নন। তাঁর দাবি, পাম্পে তেল না থাকাকে কেন্দ্র করে এমপির লোকজনের সঙ্গে পাম্পকর্মীদের কথা-কাটাকাটি হয়, যা পরবর্তীতে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম বলেন, “পেট্রোল পাম্পে তেল নিতে গেলে এমপির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীন জাহান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এমপির গাড়িটি উদ্ধার করা হয়েছে।”