যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার, বাঁধন পরিবহনের সুপারভাইজার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পাশের সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাহাব উল্লাহ (৩৭)। তিনি বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৩২ নম্বর বাঁধন পরিবহনের বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসের সুপারভাইজার সাহাব উল্লাহকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করেছেন।”

ডিএনসি কর্মকর্তারা জানান, সাহাব উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।