‘ভারতের কথা না শুনায় জামায়াত নেতাদের ফাঁসি’—লক্ষ্মীপুরে রুহুল আমীন ভূইয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত এক জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামির লক্ষ্মীপুর জেলা আমীর ও লক্ষ্মীপুর–২ আসনের মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূইয়া অভিযোগ করেছেন, ‘ভারতের তাবেদারি না করায়’ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল।

রবিবার বিকেলে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদ মাঠে দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব মন্তব্য করেন।

রুহুল আমীন ভূইয়া বলেন, ‘মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লাসহ আমাদের শীর্ষ নেতাদের শুধু ভারতের কথা না শুনার কারণেই ফাঁসিতে ঝুলানো হয়েছে। আল্লামা সাঈদীর মতো শীর্ষ আলেমদেরও মৃত্যুবরণ করতে হয়েছে। তবুও জামায়াতকে নিঃস্ব করা যায়নি; বরং জনপ্রিয়তা আরও বেড়েছে।’

তার দাবি, রাজনৈতিক চাপ ও নানা অপপ্রচার সত্ত্বেও জামায়াতের সমর্থক সংখ্যা বাড়ছে। তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলের আক্রোশের কেন্দ্রবিন্দু এখন জামায়াতে ইসলামি। তাই আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে।’

আগামী জাতীয় নির্বাচন নিয়ে রুহুল আমীন ভূইয়া বলেন, ‘আগামী নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে—এটাই জনগণের প্রত্যাশা। ক্ষমতায় গেলে লক্ষ্মীপুরে রেললাইন স্থাপন করা হবে।’ তিনি আরও দাবি করেন, অতীতে জামায়াতের যেসব নেতা মন্ত্রিত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ দেলোয়ার হোসেন।

 সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য হারুনর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর সাইয়েদ মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল রাছেল, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ ইউনুসসহ স্থানীয় নেতাকর্মীরা।