
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামের বাসিন্দা কিন্ডারগার্টেন শিক্ষক হাসান মাহমুদের নবজাতক সন্তান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফসাপোর্টে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির চিকিৎসায় বিপুল ব্যয় মেটাতে না পেরে সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল লক্ষ্মীপুর মাতৃমঙ্গল হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পরপরই তার হার্ট ও ফুসফুসে জটিলতা ধরা পড়ে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ নবজাতক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি লাইফসাপোর্টে রয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির চিকিৎসায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ব্যয় হতে পারে। তবে স্বল্প আয়ের শিক্ষক হাসান মাহমুদের পক্ষে এ বিপুল অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। তিনি একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। সেখান থেকে পাওয়া সামান্য বেতনে সংসার চালাতেই হিমশিম খেতে হয় বলে জানান তিনি।
অসহায় বাবা হাসান মাহমুদ বলেন, “সন্তানকে বাঁচাতে সবার সহযোগিতা প্রয়োজন। আমি একা এ খরচ বহন করতে পারছি না। সহৃদয়বান মানুষ এগিয়ে এলে আমার শিশুটি নতুন জীবন পেতে পারে।”
সহায়তা পাঠানোর জন্য তিনি বিকাশ ও নগদ নম্বর দিয়েছেন—০১৮০৬৬৮৪০১৯।
স্থানীয়দের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে শিশুটির চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।
