
নাজমুল হোসেন : বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা খাতে নিয়োজিত শিশুশ্রমের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করা হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক), লক্ষ্মীপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে বর্তমানে প্রায় ১৭ লাখ ৮০ হাজার শিশু কোনো না কোনো ধরনের শ্রমে নিয়োজিত, যার মধ্যে ১০ লাখেরও বেশি শিশু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা খাতটি শিশুদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে।
বক্তারা জানান, ডাম্পসাইট ও সড়ক থেকে বর্জ্য সংগ্রহ, অপ্রাতিষ্ঠানিক কারখানায় প্লাস্টিক, কাগজ ও টেক্সটাইল বর্জ্য পৃথকীকরণ এবং ই-বর্জ্য ও মেডিকেল বর্জ্য বাছাইয়ের মতো ঝুঁকিপূর্ণ কাজগুলো শিশুরা করছে। এসব ক্ষেত্রে কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করায় তারা বিষাক্ত পদার্থ, ধারালো বস্তু এবং নানা সংক্রামক ব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে।
এ সময় বক্তারা দায়িত্বশীল সংস্থাগুলোর সমালোচনা করে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের মূল দায়িত্ব স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন ও পৌরসভা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের। কিন্তু এসব সংস্থার ব্যর্থতা ও উদাসীনতার কারণেই শিশুদের এই ঝুঁকিপূর্ণ জীবন থেকে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ ও দায়বদ্ধতা নিশ্চিত করতেই আজকের এই প্রতীকী ‘লাল কার্ড’ কর্মসূচি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সনাক লক্ষ্মীপুরের সাবেক সভাপতি অধ্যাপক জেড এম ফারুকী, সহ-সভাপতি হুমায়ুন কবির, সদস্য আবুল মোবারক ভূঁইয়া, আহমেদ হোসেন, হাবিবুর রহমান সবুজ, মনিকা চক্রবর্তী, রাশেদুল ইসলাম, মো. মোছলেহ উদ্দিন ও রাজীব হোসেন রাজুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
