
বরিশাল প্রতিনিধি: জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি ও “আত্ম-অনুসন্ধান” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়”।
৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা সমাজসেবা কমপ্লেক্স চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ সোহরাব হোসেন। তিনি আত্ম-অনুসন্ধানের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, নিজের উন্নতি ও উৎকর্ষ সাধনের জন্য গভীর আত্ম-অনুসন্ধান অপরিহার্য, যা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও দেশের টেকসই উন্নয়নে সহায়ক।
প্রধান অতিথি আরও বলেন, সমাজসেবা অধিদপ্তর পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে ভালোবাসা ও মমত্ববোধের মাধ্যমে সেবা প্রদান করছে, যা দেশের সামাজিক উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সমাজের সামর্থ্যবানদেরও আহ্বান জানিয়েছেন, পথশিশু ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে।
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, পথশিশু ও এতিমদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং জন্মনিবন্ধন প্রদান করা অত্যন্ত জরুরি, যাতে তারা ভবিষ্যতে চাকরি ও স্বনির্ভর জীবনের সুযোগ পায়। শিশু নিবাসে থাকা শিশুর জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ব্যবস্থা ও সমন্বিত ডাটাবেজ তৈরি করা জরুরি।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদার। সভাপতিত্বে ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন ও মেডিকেল অফিসার ডা. মুন্সী মুবিনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।
উল্লেখ্য, বরিশাল বিভাগে সমাজসেবা অধিদপ্তরে এ বছর শ্রেষ্ঠ উপ-পরিচালক হয়েছেন এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদার এবং শ্রেষ্ঠ সহকারী পরিচালক হয়েছেন সাজ্জাদ পারভেজ।
