রূপালী চাঁদপুরের বৈশাখী মিলনমেলা: বন্ধুত্বের বন্ধনে আনন্দঘন দিন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : বন্ধুত্ব মানে আস্থা, ভালোবাসা আর সুখ–দুঃখে একে অপরের পাশে থাকা। সেই বন্ধনের টানেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বন্ধুদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে চাঁদপুর। “রূপালী চাঁদপুর”–এর ব্যানারে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় বৈশাখী মিলনমেলা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চাঁদপুর শহরের তরপুরচন্ডি এলাকার কাশেম বাজার সোহানা এগ্রো প্রজেক্টের রেস্ট হাউজে বন্ধুদের মিলনমেলা শুরু হয়। সকাল ১০টায় ছিল পান্তা–ইলিশের আয়োজন। খাওয়া-দাওয়ার পর চলে স্মৃতিচারণ, আড্ডা ও প্রাণখোলা গল্পগুজব, যা দুপুর পর্যন্ত জমে ওঠে।

দুপুর ২টায় মধ্যাহ্নভোজ শেষে বিকেলে আয়োজন করা হয় নৌভ্রমণের। সন্ধ্যায় পুরানবাজার স্টার আলকায়েদ জুট মিলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণকারীরা গান, আড্ডা ও পরিবেশনায় দিনটিকে আরও উপভোগ্য করে তোলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও রূপালী চাঁদপুরের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। তাঁর উপস্থিতি আয়োজনে বাড়তি প্রাণ সঞ্চার করে। দিনটি স্মরণীয় করে রাখতে অংশগ্রহণকারীরা ফটোসেশনে অংশ নেন।

রূপালী চাঁদপুরের সভাপতি কাজী দিলজেব কবির রিপন বলেন, “এই সংগঠন আমাদের বন্ধুদের প্রাণের জায়গা। আমরা যেখানেই থাকি না কেন, প্রতিবছর এই মিলনমেলার মাধ্যমে একত্রিত হই। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, সংগঠনের উদ্যোগে ঈদুল ফিতরে দুস্থদের মাঝে উপহার বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়।

দিনব্যাপী এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, যুগ্ম সম্পাদক যুবায়ের আলম (বাপ্পি) ও নুরে আলম রিপন, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন মিলন, সাইফুল আজম, মিজান লিটনসহ অন্যরা।

আনন্দ–উচ্ছ্বাসে ভরপুর এ মিলনমেলা শেষে অংশগ্রহণকারীরা জানান, এবারের আয়োজন ছিল সত্যিই স্মরণীয়—যা দীর্ঘদিন ধরে হৃদয়ে গেঁথে থাকবে।