
মোঃ আবদুল রহিম, নিজস্ব প্রতিবেদক :
ফেনীতে জামানত হারাচ্ছে ২১ প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে বিজয়ী তিন প্রার্থী ছাড়া সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। নির্বাচন কমিশনের দেওয়া শর্ত অনুযায়ী প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হচ্ছে।
গতকাল সোমবার (৮ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা যায় ফেনী-১ আসনে মোট প্রদত্ত ভোটের ৯৪ শতাংশ পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে শাহরিয়ার ইকবাল পেয়েছেন ২ দশমিক ১ শতাংশ ভোট। একইভাবে ফেনী-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ৯৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন হাজারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের খোন্দকার নজরুল ইসলাম পেয়েছেন ১ দশমিক ৯৪ শতাংশ ভোট। ফেনী-৩ আসনে মোট প্রদত্ত ভোটের ৮৮ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাসুদ উদ্দিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে রহিমুল্লাহ পেয়েছেন ৫ দশমিক ৭ শতাংশ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে একজন স্বতন্ত্র ব্যতিত বাকিরা সবাই বিভিন্ন দলের মনোনীত। ফেনী-২ আসনে আটজন প্রার্থীর মাঝে একজন ব্যতীত বাকি সব প্রার্থী বিভিন্ন দলের থেকে মনোনয়ন পেয়েছে। একইভাবে ফেনী-৩ আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মাঝে সর্বাধিক চারজন স্বতন্ত্র প্রার্থী ও বাকি ছয় জন বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সর্বমোট ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে তিনজন বিজয়ী ছাড়া বাকি ২১ জন প্রার্থীরা নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক তাদের জামানত ফেরত পাবেন না।
