পিরোজপুরে এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর : এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ বদলি নীতিমালা প্রণয়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

শনিবার সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, পিরোজপুর জেলা শাখার ব্যানারে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক আনছার উদ্দিন আলিম, ভান্ডারিয়া উপজেলা সভাপতি মো. আব্দুল কাদের, নুরুল হক, প্রদীপ কুমার হালদার ও জুলফিকার আলীসহ অন্যান্য শিক্ষক নেতারা।

বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বাড়িভাড়া, শতভাগ উৎসব ভাতা, কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং বদলির ক্ষেত্রে সর্বজনীন নীতিমালা প্রণয়নের দাবি জানান। তাঁরা বলেন, ‘শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে আন্দোলন চলবে।