পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। 

আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে ঢাকার খিলক্ষেত থানায় রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানার উদ্দেশে পাঠানো হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন। 

শুক্রবার দুপুরে তাকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ মিয়ার বেড়ি জোনাল অফিস এলাকা থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

পরবর্তীতে সদর থানায় সোপর্দ করা হয়। আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম জোনাল অফিসের দায়িত্বে ছিলেন।

এর পূর্বে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিজিএম আরিফুল ইসলামকে বহিষ্কার করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। 

অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত কয়েক মাস ধরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ‘ব্ল্যাক আউট’ ঘোষণা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়ে গ্রাহকরা। পরে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান খানের মোটো ফোনে কল দিলেও ম্যানাজার কল রিসিভ করেননি।