
গিয়াস রনি : নোয়াখালীতে ডিএনসি ও র্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০টি ইয়াবা বড়িসহ মোটরসাইকেলে মাদক পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এ তথ্য জানান নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত বেগমগঞ্জের চৌমুহনী বাস টার্মিনাল ও সোনাইমুড়ী বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ দুর্গাপুর এলাকার আব্দুল হক ওরফে আব্দুল্লাহ (২৮) ও নুরে আলম ওরফে চৌধুরী (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ও ফেনী থেকে মোটরসাইকেলে করে নোয়াখালীতে ইয়াবা পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে চৌমুহনী ও সোনাইমুড়ী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে পৃথক অভিযানে দুজনকে আটক করা হয়।
ডিএনসি জানায়, আব্দুল হকের কাছ থেকে ৫ হাজার ৮৭০টি এবং নুরে আলমের কাছ থেকে ৩ হাজার ৯২০টি ইয়াবা উদ্ধার করা হয়। তাঁদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বেগমগঞ্জ মডেল থানায় ও সোনাইমুড়ী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলায় গ্রেপ্তার দুজনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
