
জামালপুরের মেলান্দহের গোবিন্দপুর গাড়োয়ানপাড়ার রিক্সাচালক আলম সেক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
মঙ্গলবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবারটি।
সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী মোছা. বেদেনা বেওয়া অভিযোগ করেন, তার স্বামীর সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল মেলান্দহ পৌরসভার তৎকালীন কাউন্সিলর মো. ফরিদুজ্জামান ফরিদের। ২০০৯ সালের ৭ জানুয়ারি জমি সংক্রান্ত মামলা নিস্পত্তির কথা বলে ফরিদুজ্জামানসহ কয়েকজন রিকশাচালক আলম সেককে ডেকে নিয়ে বিষ মিশ্রিত পাউরুটি খাইয়ে হত্যার পর তাদের বসতবাড়িসহ সব সম্পত্তি জবরদখল করেছে। ১৩ বছর ধরে অন্যের বাড়িতে আশ্রিত পরিবারটিকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে জামিনে থাকা হত্যা মামলার আসামীরা।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রভাবশালী একই চক্র জমি সংক্রান্ত বিরোধে ১৯৯৪ সালে আলম সেকের বাবা গোলাপ আলীকে হত্যার পর তার মৃতদেহ গাছে ঝুঁলিয়ে রাখে এবং ২০১০ সালে তার পুত্রবধূর গর্ভে থাকা ৬ মাসের সন্তানকে নির্যাতনের পর হত্যা করেছে।
পরিবারের নিরাপত্তা ও স্বামী-শ্বশুর-নাতী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বেদেনা বেওয়াসহ ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে নিহতের ১১জন পরিবারের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
সূত্র : সকালের বাংলা
