
সিরাজুল ইসলাম | সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর থেকে চেতনানাশক স্প্রে চক্রের হোতা আবুল খায়ের বাবু ওরফে ‘স্প্রে বাবু’ এবং তার সহযোগী জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ধরা পড়েছে সোমবার রাতে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে।
গ্রেফতার হওয়া আবুল খায়ের বাবু (২৬) শ্যামনগরের গৌরীপুর গ্রামের জাবেদ আলীর ছেলে। তার নামে ১৯টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন (২০) সাতক্ষীরা সদরের বাদঘাটা গ্রামের আবুল গাজীর ছেলে, যার নামে ৬টি মামলা রয়েছে।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাজিব হোসেন জানিয়েছেন, গত ১৫ ডিসেম্বর রাত ১০টার দিকে আবাদচন্ডীপুর গ্রামের এক পরিবারের বাড়িতে কয়েকজন ব্যক্তি পানি খেতে চেয়ে ঢুকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে নগদ ৩ লক্ষ ৯৬ হাজার টাকা ও ৫ লক্ষ ৭০ হাজার টাকার স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। ভুক্তভোগী শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।
অভিযানে পুলিশের হাতে ধরা পড়া অভিযুক্তদের বিরুদ্ধে শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, সাতক্ষীরা সদর, দেবহাটা, খুলনা-বটিয়াঘাটা, বাগেরহাট সদর ও মাগুরার বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী নির্বাচনের সময়ে আইন-শৃঙ্খলার অবনতি কোনোভাবেই হবে না।”
