
মোঃ তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে খলিলুর রহমান নামে একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অবস্থায় তিনি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে পৌর শহরের পিটিআই রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তার ভাই ফজুল মিয়া বাদি হয়ে পূর্বপাড়া এলাকার মৃত আ: কাদির এর মেয়ে নাছিমা বেগম, ছেলে মিজান মিয়া সহ ৫ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্র ও আহত খলিলুর রহমান সাংবাদিকদের জানায়, সকালে রায়পুরা পূর্বপাড়া এলাকায় জোরপূর্বকভাবে মোহাম্মদ আলী বসতঘর নির্মাণ করার সময় খলিলুর রহমান তাদের বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঠা, রামদা, শাবল নিয়ে তার উপর হামলা চালায়। এতে তার মাথা ও বুকে জখম হয়। অভিযোগে আরোও বলা হয়েছে, হামলার শিকার হয়ে খলিলুর রহমান মাটিতে লুটিয়ে পড়লে তার হাতে থাকা একটি মোবাইল ও প্যান্টের পকেটে থাকা ব্যবসায়ীক কাজের আশি হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে তার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করায়।
দুপুরে থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে থানার তদন্ত কর্মকর্তা মীর মাহবুব জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে।
