
নাজমুল হোসেন : কোনো প্রকার নতুন করারোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকার বাজেট ঘোষণা করেছে লক্ষ্মীপুর পৌরসভা। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সম্রাট খীসা।
ঘোষিত বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা। আয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যয়ের খাত নির্ধারণ করা হয়েছে ৮৩ কোটি ৩০ হাজার টাকা। সেই হিসাবে নতুন অর্থবছরের বাজেটে উদ্বৃত্ত থাকছে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, ‘এই বাজেট লক্ষ্মীপুর পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের একটি কার্যকর রূপরেখা। আমরা শহরের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।’
তিনি আরও বলেন, নতুন অর্থবছরে সরকারি প্রকল্প ও বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সরকারি সহযোগিতা অব্যাহত থাকলে পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।
এছাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আলতাব হোসেন ও নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
