দেশনেতা যার হাতে ধানের শীষ তুলে দেবেন, আমরা তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব: সাঈদ খান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর : জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান বলেছেন, দেশনেতা তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের আশার প্রতীক এবং আগামী বাংলাদেশের স্বপ্নের নকশা।

তিনি বলেন, “দেশনেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবেন, আমরা তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নামাজপুর ঝনঝনিয়া সাইক্লোন সেন্টারে বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি’ প্রচারের অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মল্লিক এবং সঞ্চালনা করেন বিপ্লব সিকদার

সাঈদ খান বলেন, “ভোটই নাগরিকত্ব রিনিউ করার একমাত্র পথ। বিএনপি ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে না; বরং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ একটি রাজনৈতিক দল।”

তিনি আরও বলেন, “এই ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে সবার সমান অধিকার রয়েছে। ধর্মের নামে জান্নাত–জাহান্নামের ব্যবসা করার সুযোগ নেই।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “যে রাষ্ট্রে ভোটের অধিকার নেই, সেখানে ভাতের অধিকারও থাকে না। জনগণের তথ্য বিক্রি করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।”

সাঈদ খান অভিযোগ করেন, দেশে এখন ‘পিআর’ নামে একটি পক্ষ নৈরাজ্য সৃষ্টি করছে। “যে দলের আমির ও সেক্রেটারি জেনারেল নিজ এলাকায় ভোটে জিততে পারেন না, তারা এখন পিআরের নামে জনগণকে বিভ্রান্ত করছে,”—মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার এবং একটি জনগণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। দলীয় ৩১ দফা কর্মসূচি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির রূপরেখা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ শেখ, জেলা যুবদলের সাবেক সহ–আইনবিষয়ক সম্পাদক এস এম আল ইমরান, আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ পিরোজপুর পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা, ছাত্রনেতা আতিক এবং ব্যবসায়ী নেতা লিটন প্রমুখ।