
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম জানান, “গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানো হয়েছে। প্রশাসনের গাফিলতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পুলিশ ও গোয়েন্দা সংস্থার দায়িত্বে অবহেলা ছিল স্পষ্ট।”
আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসে তিনি জানান।
মাহবুব আলম আরও বলেন, “আগামী ২২ জুলাই বিকেলে লক্ষ্মীপুরে ‘জনতার পদযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে এনসিপি। উত্তর তেমুহনী আফনান চত্বর এলাকায় সমাবেশ শেষে পদযাত্রা শুরু হবে দক্ষিণ তেমুহনী থেকে। চাঁদপুর যাওয়ার পথে রামগঞ্জে সংক্ষিপ্ত পদযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা।”
তিনি আরও বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের অধিকার, ভোটাধিকার ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন- এনসিপি নেতা আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান প্রমুখ।
