হেলমেট পরে মহড়া দিয়ে ভোট হবে না, বিএনপিতে এই আচরণ চলবে না: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

ধানের শীষে ভোট দিতে নারীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “একটি দলের কর্মীরা গ্রামে গ্রামে হেলমেট পরে মহড়া দিচ্ছে, এটি দিয়ে ভোট হবে না। বিএনপির মধ্যে এই আচরণ চলবে না।”

তিনি মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় মহিলা দলের উঠান বৈঠকে অংশগ্রহণকালে এ মন্তব্য করেন। 

এ্যানি আরও বলেন, এবারের নির্বাচন আগের মতো নয়, এটি “একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন।” তাই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায় করতে হবে।

ধানের বাম্পার ফলনের প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, “সবাই খুশি, তাই ধানের শীষে ভোট দেওয়া অত্যন্ত জরুরি। গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা এবং মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”

এ্যানি বলেন, “খালেদা জিয়া বেঁচে থাকা মানে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী থাকা। তিনি আমাদের অনুপ্রেরণা, বিএনপির মনোবল ও সাহস।” তিনি বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।