
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে জুলাই আন্দোলন শহীদদের সম্মানে ১৪টি গরু কোরবানি দেয়া হয়েছে।
আজ রোববার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এই কোরবানির আয়োজন করেন।
পরে উপজেলার এক হাজার পরিবারের মধ্যে কোরবানি গোশত বিতরণ করা হয়।
জানা যায়, তুরস্কভিত্তিক সংগঠন হিউম্যাটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন ও সোয়াব-এর সহযোগিতায় শহীদ পরিবার ও সুবিধাবঞ্চিতদের সম্মানে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ১৪টি গরু কোরবানি করা হয়।
সকাল থেকে শতাধিক মানুষ গরুর গোশত প্রস্তুত করেন। পরে এসব গোশত ১ হাজার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন – রামগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনে নিহত ৬ জন শহীদ পরিবারের সদস্যরা।
গরুর মাংস ছাড়াও ঈদের উপহার সামগ্রীতে ছিল আটা, আলু ও সয়াবিন তেল।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনে রামগঞ্জের ৬ জন শহীদের সম্মানে ১৪টি গরু কোরবানি করা হয়। এর মধ্যে শহীদদের নামে একটি গরু কোরবানি দেয়া হয়েছে। এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে গরুর গোশতসহ উপহার সামগ্রী ১ হাজার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।”
