রায়পুরে মসজিদের খাদেমকে ঘোড়ার গাড়িতে ‘রাজকীয়’ বিদায়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

মো.ওমর ফারুক : লক্ষ্মীপুরের রায়পুরে ব্যতিক্রমধর্মী এক আয়োজনে দীর্ঘদিনের সেবার স্বীকৃতি হিসেবে এক মসজিদের খাদেমকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় জানানো হয়েছে। এ সময় সম্মাননা হিসেবে তাঁকে নগদ দুই লাখ টাকা উপহার দেওয়া হয়।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রায়পুর পৌর শহরের সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদে এ আয়োজন করা হয়। মসজিদ কমিটি, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে নতুন পোশাকে সজ্জিত করে বিদায় জানানো হয় ৭০ বছর বয়সী খাদেম মো. মুসলিমকে।

জানা গেছে, মো. মুসলিম প্রায় ২০ বছর ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মসজিদের পরিচ্ছন্নতাসহ বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন। বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আর দায়িত্ব পালন করতে পারছিলেন না। এ কারণে তাঁকে সম্মানজনকভাবে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয় মসজিদ কর্তৃপক্ষ।

দীর্ঘদিনের সেবার স্বীকৃতি হিসেবে নগদ দুই লাখ টাকা সম্মাননা দেওয়ার পাশাপাশি ঘোড়ার গাড়িতে করে তাঁকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন কমিটির সদস্যরা। রায়পুর পৌর শহরের মৌলভী ইব্রাহীম সাহেবের বাড়ির বাসিন্দা মো. মুসলিমের এ বিদায় আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

বিদায়ের মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মসজিদের খতিব, ইমাম, কমিটির সদস্য ও মুসল্লিদের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। দীর্ঘদিনের সম্পর্ক ও ভালোবাসা যেন এক মুহূর্তে প্রকাশ পায়।

মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আরিফ হোসাইন মিয়াজী বলেন, “মুসলিম সাহেব দীর্ঘ ২০ বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মসজিদের খেদমত করেছেন। তিনি সবার কাছে প্রিয় মানুষ ছিলেন।”

মসজিদ কমিটির সেক্রেটারি এনামুল হক জানান, “আমরা চেয়েছি তাঁকে একটি সম্মানজনক বিদায় দিতে। এ জন্য পাশের জেলা থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে আনা হয়েছে।”

স্থানীয়দের মতে, এই আয়োজন শুধু একজন কর্মীর বিদায় নয়, বরং নিঃস্বার্থ সেবার মূল্যায়নের এক অনন্য দৃষ্টান্ত। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও মনে করছেন তাঁরা।