চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের জন্য খাদ্য সরবরাহ চালু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

 আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি খাদ্য ব্যবস্থাপনা জোরদারে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে ভর্তি রোগীদের জন্য নিয়মিত খাদ্য সরবরাহ কার্যক্রম চালু করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, আগে এ হাসপাতালে মাত্র ১০০ জন রোগী সরকারি খাবার পেতেন। নতুন উদ্যোগের ফলে এখন থেকে ২৫০ জন রোগীই খাদ্য সুবিধার আওতায় আসবেন।

তিনি বলেন, চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি রোগীদের মৌলিক চাহিদা পূরণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ধাপে ধাপে হাসপাতালের সব ধরনের সুযোগ-সুবিধা বাড়ানো হবে।

অনুষ্ঠানে বক্তারা হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জামায়াতে ইসলামীর জেলা আমির হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির আব্দুল আলিমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে রোগীদের ভোগান্তি কমবে এবং হাসপাতালে সেবার মান আরও উন্নত হবে।