
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৩ মে) জেলার সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে ‘নোয়াখালীতে কর্মরত সাংবাদিকবৃন্দ’ ব্যানারে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা জজ আদালত সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিভিন্ন গণমাধ্যমকর্মী।
বক্তাদের মধ্যে ছিলেন দৈনিক যায়যায়দিন-এর স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন বাদল, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ ও মেজবাউল হক মিঠু, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, এখন টিভির নাসিম শুভ, বাংলাভিশনের মাওলা সুজন, দেশ টিভির রিফাত মির্জা, বাংলাদেশ বেতারের মাহাবুবুল হাসান চৌধুরী রাসেল, স্টার নিউজের গোলাম কিবরিয়া রাহাত, ইকোনমিক পোস্টের এ আর আজাদ সোহেল, নোয়াখালী কথার নুসরাত রুমু ও সিএন বাংলার রোমানা ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনার বিচার দাবি করেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
বক্তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এদিকে দিবসটি উপলক্ষে চৌমুহনী প্রেসক্লাবের উদ্যোগেও শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
