খান জাহান আলীর মাজারের দিঘিতে কুমির ফিরিয়ে দেওয়ার দাবিতে খাদেমদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি : কুমিরের হামলায় আট বছরের এক শিশু নিহতের ঘটনায় বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমিরটি সরিয়ে নিয়েছে বন বিভাগ। তবে এই ঘটনার পর মাজারের দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষার্থে আগামী ১৫ দিনের মধ্যে কুমিরটি দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মাজারের খাদেমরা।

গতকাল রবিবার (৭ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাজারের প্রধান খাদেমসহ অন্যান্যের পক্ষে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, “সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং নিহত শিশু ফাতেমার আত্মার মাগফিরাত কামনা করছি। তবে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার অজুহাতে দীর্ঘদিনের ঐতিহ্যকে হঠাৎ এভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই কুমির শুধু একটি প্রাণী নয়; এটি বাগেরহাটের ঐতিহ্যের প্রতীক, মানুষের আবেগের অংশ এবং আমাদের ইতিহাসের জীবন্ত স্মারক।”

তিনি আরও বলেন, “প্রশাসন চাইলে মাজারের দিঘিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারত। দর্শনার্থীদের জন্য সুরক্ষা বেষ্টনী তৈরি, সতর্কীকরণ বার্তা ও পর্যাপ্ত পাহারার মাধ্যমে কুমিরটিকে দিঘিতেই সংরক্ষণ করা সম্ভব ছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি, স্থানীয় জনগণ, মাজার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মতামত বিবেচনা না করে তড়িঘড়ি করে রাতের জরুরি বৈঠকের মাধ্যমে কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাই অনতিবিলম্বে কুমিরটিকে পুনরায় মাজারের দিঘিতে ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাজার মসজিদের খতিব সৈয়দ খালিদ আহমেদ, শেখ রবিউল ইসলাম মামুন, টিপু শেখ এবং আব্দুল জলিল।