
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার বিভিন্ন উপজেলা ও স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। ১৬ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বর্ণাঢ্য রথ শোভাযাত্রা, বিশেষ পূজা-অর্চনা, কীর্তন ও ভক্তিমূলক সংগীতের মধ্য দিয়ে জেলাজুড়ে এই উৎসব শুরু হয়।
পাটকেলঘাটা ও তালা বিকেল তিনটায় পাটকেলঘাটা বলফিল্ড রথ মন্দির থেকে শত শত ভক্তের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামের উপস্থিতিতে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলার খলিশখালী, দলুয়া বাজার ও কুমিরা বাসস্ট্যান্ডেও আনন্দঘন পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, তালায় মাঝিয়াড়া শ্রীশ্রী জগন্নাথ মন্দির চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম।
শ্যামনগর শ্যামনগরের গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে রথযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী। তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।’ শোভাযাত্রাটি গোপালপুর থেকে শুরু হয়ে নকিপুর হরিতলা সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়। এছাড়া উপজেলার সোনামুগারী, বল্লভপুর, হরিনগর ও বুড়িগোয়ালিনীতেও শোভাযাত্রা বের হয়।
সদর উপজেলা (লাবসা, ব্রহ্মরাজপুর ও কাটিয়া) সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধন করেন লাবসার ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। ব্রহ্মরাজপুর জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রউফ। এছাড়া সদরের কাটিয়া কর্মকার পাড়া সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগেও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া ও কালীগঞ্জ কলারোয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও মঙ্গল আরতির মধ্য দিয়ে ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। পৌরসভার হরিতলা, গোয়ালঘাটা ও উত্তর মুরারীকাটি পালপাড়া পূজামণ্ডপে পৃথকভাবে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম। এছাড়া কালীগঞ্জের গোবিন্দকাটিতে রথযাত্রা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান বিএনপি নেতা সৈয়দ ইফতেখার আলী।
আশাশুনি আশাশুনি উপজেলার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরেও রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাসির বাড়িতে গিয়ে শেষ হয়।
