
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে ফিল্মি স্টাইলে মাকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গত বুধবার রাতে ভুক্তভোগী ওই তরুণীর বাবা সামছুল আলম বাদী হয়ে কমলনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
পরবর্তীতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেন।
কমলনগর থানার ওসি মোহাম্মদ তহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার ইব্রাহীমের ছেলে মো. আশ্রাফ (২২) ও শাহজাহানের ছেলে মো. রনি (২১) ।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর গভীর রাতে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় দরজা ভেঙে ঘরে ঢুকে মায়ের হাত-মুখ বেঁধে পাশের একটি কক্ষে তার তরুণী মেয়েকে ধর্ষণ করে। এ সময় রনি নামের এক যুবককে চিনতে পারেন ভুক্তভোগী তরুণীর মা।
পরবর্তী এলাকার প্রভাবশালী একটি মহল অভিযুক্তদের পক্ষ নিয়ে বিষয়টিকে ধামাচাপা দিতে একসপ্তাহ ধরে কালক্ষেপণ করে আসছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
