
নোয়াখালীর কবিরহাটে মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আমিনুল হক (৩০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় যশোর ক্যান্টনমেন্টে কর্মরত সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল হক কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের নুর নবীর ছেলে। আহত সেনাসদস্য সৈকত স্থানীয় বাসিন্দা এবং বর্তমানে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নোয়াখালীর সোনাপুর থেকে মাছ নিয়ে একটি পিকআপ কবিরহাটের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে পিকআপটি সোনাপুর-কবিরহাট সড়কের ইতালি মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশাচালক আমিনুল হক ও যাত্রী সৈকত গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন। আহত সেনাসদস্য সৈকত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে কবিরহাট থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের জিম্মায় থাকা দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর পিকআপের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। পিকআপের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
